দেশের মানুষের জীবনমানের উন্নয়ন ও জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মানুষের উপকার হবে—এমন কাজই সরকার করতে চায়।
রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের ও জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার। দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করবে।
তিনি আরও বলেন, যারা দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করবে, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মৎস্যসম্পদ উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, পর্যায়ক্রমে দেশের সব খাল-বিলে মাছের পোনা অবমুক্ত করা হবে। এর মাধ্যমে দেশের মৎস্যসম্পদ বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
কৃষকদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সামর্থ্য অনুযায়ী কৃষকদের পাশে দাঁড়ানো হবে। কৃষি খাতের উন্নয়ন ও কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নারী শিক্ষার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নারী সমাজকে এগিয়ে নিতে স্নাতক পর্যায় পর্যন্ত নারী শিক্ষা বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হবে। ভালো ফলাফল করা ছাত্রীদের উপবৃত্তি দেওয়া হবে।
এ ছাড়া সারা দেশে দরিদ্র পরিবারের ১ লাখ ২০ হাজার শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।